আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, “শিক্ষাব্যবস্থায় কোনও ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার।”
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আগামী ২ জুলাই চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারাদেশে অনুষ্ঠিত হবে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যেসব বিষয় কমন, সেগুলোর প্রশ্নও একই করা হবে। আমরা শিক্ষায় কোনও বৈষম্য রাখতে চাই না।” তিনি বলেন, “এবারের পরীক্ষা শতভাগ দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।”
সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীর উদাহরণ টেনে তিনি বলেন, “নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমাত্রিক শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও সেই সক্ষমতা ও পরিবেশ রয়েছে।”
ড. মিলন বলেন, “ডিনস অ্যাওয়ার্ড মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশ গঠনের প্রেরণা আরও শক্তিশালী হবে।”
দেশের উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যেই মাদ্রাসা শিক্ষায়ও কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “২০১৭ সাল থেকে আদালতে মামলা চলমান থাকায় প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে ছিল। আগামী ২ জুলাই আপিল বিভাগে বিষয়টির নিষ্পত্তি হলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।”
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিন জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।