২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।”
সোমবার (৬ জুলাই) সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
বৈঠকে প্রকাশকদের পক্ষে জানানো হয়, ৩২ কোটির মতো বই ছাপানোর জন্য প্রায় ৬০০ লটের জন্য প্রায় ৮০০ মেট্রিক টন পেপার লাগবে। টেন্ডার প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে জানান তারা।
প্রকাশকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়, আমরা আশা করছি, ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলো পৌঁছে দেবো। প্রধানমন্ত্রীর নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।”
পাঠ্যবই ছাপার দরপত্রের প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, “আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডার সব দিয়ে দেবো। এরপর তারা (প্রকাশকরা) ছাপার কাজ শুরু করবে। আর এই বিষয়ে যা তদারকি করবে আমাদের মন্ত্রণালয়ের টিম ও এনসিটিবি। আমরা সম্পূর্ণ সুন্দরভাবে প্রস্তুত আগামী দিনের বই দেওয়ার জন্য।”
আগামী বছরের পাঠ্যবইতে কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।