এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল পাওয়ার নিয়মাবলি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। গত ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও চলমান এইচএসসি পরীক্ষা–সংক্রান্ত প্রশাসনিক কাজের চাপ এবং ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

গত ২২ জুলাই বাংলা ট্রিবিউনকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছিলেন, ‘২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিনই আমরা ফল প্রকাশ করতে পারবো।’

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুও তখন জানিয়েছিলেন, ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

এর আগে গত ৮ জুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।