একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
সোমবার (৩ আগস্ট) ইউল্যাবে এ সমঝোতা স্মারকে সই হয়। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুবিধা নিশ্চিত করতে একাডেমিক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য সম্ভাব্য একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক শেন গুইহুয়া। ইউল্যাবের পক্ষে সই করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, পিএইচডি। জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলে আরও ছিলেন স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন টং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝৌ শিয়াওটিং।
ইউল্যাবের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি, প্রো ভাইস চ্যান্সেলর; অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি, বিশেষ উপদেষ্টা বোর্ড অব ট্রাস্টিজ ও কোষাধ্যক্ষ; লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং বিভিন্ন প্রশাসনিক দফতরের প্রধানরা।
সমঝোতা স্মারকে সইয়ের মধ্য দিয়ে ইউল্যাব ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য একাডেমিক ও গবেষণাভিত্তিক নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।