আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এতে আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সীমিত পরিসরে বা নামেমাত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, প্রথম শ্রেণিতে লাটারির বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এবং এখনও কোনও বৈঠকও হয়নি। যদিও এমন সিদ্ধান্তের সম্ভাবনার কথাও নাকচ করেননি সেই কর্মকর্তা।
মঙ্গলবার (৪ আগস্ট) মঙ্গলবার দুপুরের আগে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে যোগোযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো বৈঠক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।’
এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি বাতিল করে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
একই দিনে মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতেও বলা হয়েছিল, সব অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি নতুন ভর্তি পদ্ধতি চালু এবং লটারির প্রচলিত ব্যবস্থা বাতিল করা হবে।
ওই সময় শিক্ষামন্ত্রী আরও জানিয়েছিলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। তবে এটি খুব জটিল কোনও পরীক্ষা হবে না। খুব সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’