পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এবার সব শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পর পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তৃতীয় অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এর সামান্য নিচে রয়েছে দিনাজপুর বোর্ড—৫৮ দশমিক ০৫ শতাংশ। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলেও পার্থক্য রয়েছে। দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

অর্থাৎ সবচেয়ে বেশি পাসের হার পাওয়া ঢাকা বোর্ডের সঙ্গে সবচেয়ে কম পাসের হার পাওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যবধান ১৬ দশমিক ১৪ শতাংশ।

সার্বিক ফলাফলেও এবার আগের বছরের তুলনায় অবনমন হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।

এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।