এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফলে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ, আর মানবিক বিভাগে ৪১ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ দুই বিভাগের ছাত্রদের পাসের হারের ব্যবধান ৩৬ দশমিক ২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।
ছাত্রীদের ক্ষেত্রেও দুই বিভাগের ফলাফলে বড় পার্থক্য রয়েছে। বিজ্ঞান বিভাগে ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। বিপরীতে মানবিক বিভাগে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ। ফলে দুই বিভাগের ছাত্রীদের পাসের হারের ব্যবধান ২৯ দশমিক ৩২ শতাংশীয় পয়েন্ট।
অর্থাৎ ছেলে-মেয়ে মিলিয়ে বিজ্ঞান বিভাগে পাসের হার যেখানে ৮০ শতাংশের কাছাকাছি, সেখানে মানবিক বিভাগে তা ৫০ শতাংশের কিছুটা ওপরে। বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে ব্যবধান আরও প্রকট।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ বিজ্ঞান ও মানবিকের মাঝামাঝি অবস্থানে রয়েছে। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।
তিন বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীর পাসের হারের ব্যবধান ৬ দশমিক ৩১ শতাংশীয় পয়েন্ট। ব্যবসায় শিক্ষায় এ ব্যবধান ৯ দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট। আর মানবিক বিভাগে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্টে।
সামগ্রিকভাবেও সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ, আর ছাত্রীদের ৬৭ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ সামগ্রিক পাসের হারেও মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশীয় পয়েন্ট এগিয়ে।
এদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে—৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
সার্বিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।