২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফলাফল আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পরিসংখ্যান ও সময়সূচি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দেওয়ার সুযোগ পেয়ে এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।
শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ফি প্রদান করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
কলেজের মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এবং নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড।