আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ। দেশের সব মাধ্যমিক ও উচ্চপর্যায়ের (প্রাথমিকোত্তর) শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
একযোগে এ জরিপ পরিচালনা করবে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের হালনাগাদ মোবাইল নম্বর ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ ও যাচাই করে পাঠাতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাগিদ দিয়েছে ব্যানবেইস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের চিফ অধ্যাপক রুনা নাজনীনের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, প্রতিবছরের মতো এ বছরও অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে। ব্যানবেইসের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) ঢুকে জরিপের তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ‘এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর’ (ইআইআইএন) ব্যবহার করে প্রথমবার লগইন করতে হবে।
প্রথমবার লগইনের সময় সংশ্লিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড পাঠানো হবে। জরিপ চলাকালে পরবর্তী সব লগইনের ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
জরিপের পাসওয়ার্ড পাঠানোর জন্য প্রতিষ্ঠানের হালনাগাদ মোবাইল নম্বর গত ১৩ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। তবে এখনও যেসব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠানের হালনাগাদ মোবাইল নম্বর পাঠাননি, তাদের ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ ও যাচাই করতে বলা হয়েছে।
সংগৃহীত হালনাগাদ মোবাইল নম্বর ব্যানবেইসের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ডকপি ডাকযোগে ব্যানবেইসে পাঠাতে বলা হয়েছে।
অন্যথায় ব্যানবেইসের ডেটাবেইসে সংশ্লিষ্ট উপজেলা বা থানার সব প্রতিষ্ঠানের যে মোবাইল নম্বর সংরক্ষিত রয়েছে, সেগুলো সঠিক হিসেবে বিবেচনা করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।