সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়

এক সপ্তাহের মধ্যে সংশোধিত আইসিটি সিলেবাস অনলাইনে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে শিক্ষার্থী ও সরকারের চাহিদা বিবেচনায় প্রফেশনাল ও দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (৩ অক্টোবর) সকালে দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও কর্মবাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম হালনাগাদের কাজ চলছে। সংস্কার কার্যক্রম ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। পাশাপাশি দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি।

তিনি বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়াতে হবে। একইসঙ্গে তাদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও নজর দেওয়া জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস, দলবাজির নয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছেন। কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ ৭২টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা ৬ অক্টোবর শেষ হবে।