‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে সাধারণ মানুষের সন্তানদের ভর্তি সহজ করা, টিউশন ফি কমানো এবং শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। প্রধানমন্ত্রী তাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় এবং শিক্ষার ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কারণে একজন শিক্ষককে পাঁচজনের বেশি শিক্ষার্থী নিয়ে কাজ করতে হয় না। স্কুলটির কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকও রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় বেশি হচ্ছে। বর্তমানে বিমানবাহিনীর কর্মকর্তা ও সাধারণ মানুষের সন্তানদের জন্য টিউশন ফি যথাক্রমে ২৫ হাজার ও ৩০ হাজার টাকা।

মন্ত্রী বলেন, এই ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, তা বিবেচনা করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে।

সরকারিভাবে স্কুলটিকে সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।