চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্য এ বছর থেকেই অন্তর্বর্তী পরীক্ষা চালুর পক্ষে মত দিয়েছেন তারা। ফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
শিক্ষা বোর্ড জানায়, সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।
এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।