শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য যেসব ভবনের ছাদে প্যানেল স্থাপন সম্ভব, সেসব ছাদের আয়তন নির্ধারণ করে দুই কর্মদিবসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
শনিবার (১৭ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন-২) কামরুন নাহার রীমা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব দফতর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেগুলোর আয়তন নির্ধারণ করতে হবে। এরপর নির্ধারিত অনলাইন ফরমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ফরমে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে অধিদফতর।
মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের অধীন প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতেও বলা হয়েছে।/এসএমএ/এম/