ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘ধর্মীয় চর্চা করতে এ দেশে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসঙ্গে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না।’

বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর দুর্গাপূজা পালনে কচুয়ায় বিগত যেকোনও সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। অতীতের মতো আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা উপস্থিত ছিলেন।