শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়তে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর নায়েমে ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এআই সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহারকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের অনেকেরই এখনও প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।