যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির জন্য আধুনিক চিকিৎসাশিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা বৈঠকে তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।
বৈঠকের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন তিনি।
প্রকল্পটি বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন তারা।
ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। তিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।