দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, গবেষণায় সরকার ও ইউজিসির বরাদ্দের যথাযথ ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান নিজস্ব সক্ষমতাতেই সম্ভব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ কমিউনিটি-নির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশন-বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের প্রয়োজন পূরণ এবং জাতীয় নানা সমস্যার কার্যকর সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। বিশ্ববিদ্যালয়গুলো দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমাধান উদ্ভাবন করবে—এটাই মানুষের প্রত্যাশা। এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।
গবেষণায় অর্থায়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। বিদ্যমান বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প নেওয়া প্রয়োজন।
প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে বিদেশের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সফটওয়্যার থেকে শুরু করে গবেষণাগারের প্রয়োজনীয় প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জাম—প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাগার ও গবেষণা কার্যক্রম পরিচালিত হলেও দেশের নিজস্ব সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণার বিষয়ে মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির পরিবর্তন প্রয়োজন।
প্ল্যানেটারি হেলথের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানুষের স্বাস্থ্য ও সুস্থতা প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও অতিরিক্ত তাপমাত্রার মতো পরিবেশগত পরিবর্তন মানুষের জীবন ও জীবিকাকে নানাভাবে প্রভাবিত করছে। বন্যাকবলিত এলাকায় নিরাপদ পানির সংকট, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের কর্মঝুঁকি এবং উপকূলীয় অঞ্চলে পানির গুণগত মান ও কৃষিজমির পরিবর্তন এর উল্লেখযোগ্য উদাহরণ। এসব পরিবেশগত ঝুঁকিতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গবেষণায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবেশগত পরিবর্তন ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার বিষয় নির্ধারণ, বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন এবং গবেষণালব্ধ জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ আশাব্যঞ্জক।
কেটা-আর্থ প্রকল্পের কার্যক্রম তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সমন্বয়, প্ল্যানেটারি হেলথ এডুকেশন কাঠামো ও টুলকিট প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অনলাইন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাকে পাঠদানের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রাতিষ্ঠানিক মালিকানা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কার্যকর যোগাযোগ এবং প্রকল্পের অর্জন ও কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান হাতিয়া দ্বীপের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। কেটা-আর্থ প্রকল্পের প্রধান ড. জর্জ ডাউনওয়ার্ড প্রকল্পের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সংগীতা রামাঝি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন ড. মিখাল ক্রেইজা।