জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের উদ্যোগ

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় এই প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমেই দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সেই আকাঙ্ক্ষা নিয়েই বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, তা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে চলেছে।

​আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। যেমন:  ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা পার্শ্ববর্তী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। এই প্রতিটি প্রতিষ্ঠানই নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান।

গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তৃতীয় ভাষা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিলস, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস ও কালচার, প্রতিটি ক্ষেত্রে গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হবে।

​শিক্ষার সেই দুটি লক্ষ্য ব্যাখ্যা করে মাহ্দী আমিন বলেন, প্রথমত, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকবে। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে আগামী বাংলাদেশে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই আমাদের সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

​সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন ও  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।