অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

ড. মামুন আহমেদ বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।

শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে এগিয়ে যেতে এবং নিজের পাশাপাশি প্রকৃতি ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। বিজ্ঞানের জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করা যেমন সম্ভব, তেমনি এর অপব্যবহারে অকল্যাণও হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করে বিজ্ঞানচর্চা করতে হবে।

শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়। বাবা-মায়ের ত্যাগ ও অনুপ্রেরণা এবং শিক্ষকদের পরিশ্রমের ফলেই তারা এ পর্যায়ে পৌঁছায়। তাই তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখতে হবে।

রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে বোঝারও গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের কল্যাণ, প্রকৃতির সুরক্ষা এবং সম্ভাবনাময় দেশ গঠনে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ কাজে লাগাতে হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও বাংলাদেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে এ আয়োজনের সঙ্গে যুক্ত রসায়ন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের এইচএসসি পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। কয়েকটি ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নেন ২১৩ জন। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।