এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করা ২২টি কলেজের অধ্যক্ষদের তলব করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাসের হার কম হওয়ায় কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ৩ ডিসেম্বর বোর্ডের জরুরি সভায় অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কাম্য পর্যায়ে শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট কারণ ব্যাখ্যা দিতে হবে। আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, প্রতিনিধি পাঠানো যাবে না।

তলব করা ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার গুলশানের ট্রাডশন কলেজে পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ট্রাস্টন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শতাংশ।

গাজীপুর সদরের জেনুইন রেসিডেনসিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। নরসিংদী সদরের ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বারৈহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ এবং পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ০৯ শতাংশ। মানিকগঞ্জ সদরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ঘিওরের বানিয়াঝুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ।

টাঙ্গাইলের সখিপুরের পলাশতলী মহাবিদ্যালয়ে পাসের হার ৮ দশমিক ৫১ শতাংশ, কালিহাতীর ডা. সাঈদা খান মহিলা কলেজে ১০ শতাংশ এবং মির্জাপুরের ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ দশমিক ০৯ শতাংশ।

শরীয়তপুর সদরের ডোমসার জগচ্চন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে পাসের হার ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ এবং চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ, সদরের বেলগাছী আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ এবং অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দশমিক ০৩ শতাংশ।

গোপালগঞ্জ সদরের গোপালগঞ্জ আইডিয়াল কলেজে পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ। কিশোরগঞ্জ সদরের কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ এবং নিকলীর জারইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ।