বছর শেষ হতে বাকি ৮ মাস। এর মধ্যেই চার চারটি একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে ফোক সম্রাজ্ঞী মমতাজের! তার চলমান সংসদীয় ব্যস্ততার মাঝেও সেটি সম্ভব বলে মনে করছেন অ্যালবাম সংশ্লিষ্টরা। মমতাজ নিজেও নতুন গান রেকর্ডিংয়ে বেশ সময় দিচ্ছেন বলে খোঁজ মিলছে।
চলতি বছর থেকেই প্লেব্যাক এবং অডিও অঙ্গনে সমানতালে সরব হয়েছেন মমতাজ। এরইমধ্যে প্রথম বৈশাখে সিডি চয়েস থেকে ডিজিট্যালি প্রকাশ পেয়েছে তার নতুন একক ‘জলের আয়না’। সামনে সিডি আকারে বাজারে আসবে এটি। এছাড়া নতুন আরও তিনটি অ্যালবামের পরিকল্পনা ও রেকর্ডিং চলছে মমতাজের। তিনি জানান, নতুন তিনটি অ্যালবামই প্রকাশ পাচ্ছে আসছে দুই ঈদে অথা ডিসেম্বরের মধ্যেই।
নতুন তিন অ্যালবামের মধ্যে রয়েছে শফিক তুহিনের সুরে একটি, রাজেশের সুরে আরেকটি। অন্য একক নিয়ে এখনও কথা চলছে। চূড়ান্ত হবে চলতি সপ্তাহের মধ্যে। এই তিন এককের বাইরে একটি বিশেষ দ্বৈত অ্যালবামও করতে যাচ্ছেন এই সংসদ সদস্য। যেটা সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
এদিকে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ সালের সেরা নারী সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম। ১১ মে প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি। আর এসব মিলিয়ে মমতাজ আবারও গানে ফিরছেন পুরনো গতি নিয়ে। শুধু দেখার বিষয় সফলতা ফিরে পান কতটা।
/এস/এমএম/