শতভাগ বাণিজ্যিক ধারার আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নাটকের এই রোমান্টিক হিরো। ছবির নাম ‘হারজিৎ’। বদিউল আলম খোকনের পরিচালনায় এতে সজল জুটি গড়ছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে।ছবিটির মহরত হয়ে গেছে। চলছে এখন গান রেকর্ডিং। এসব অবশ্য পুরনো খবর। নতুন খবর হলো শুক্রবার রাতে অন্তর্জাল জগতে দেখা মিলেছে সজল-মাহি জুটির রোমান্টিক রসায়ন। ভিডিও নয়, ছবি কর্তৃপক্ষ প্রকাশ করেছে দুজনার কিছু রোমান্টিক পোস্টার। যা দেখে ব্যাপক প্রশংসা মিলছে দুজনার পক্ষে।
সজল বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে আমরা একটা ফটোশ্যুট করেছি। দেখতে চেয়েছি একসঙ্গে দুজনকে কেমন মানায়। ছবিগুলো পোস্টার আকারে গতকাল ফেসবুকে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। শুটিংয়ে যাওয়ার আগে সবার কাছ থেকে পাওয়া এই সাড়া আমাদের টনিক হিসেবে কাজ করবে।’
সজল আরও জানান, এ ছবিতে নাচ, গান, ফাইট- সবই থাকছে। এখন এসবের প্রস্তুতি চলছে। সঙ্গে হাতে জমা নাটকের লম্বা সিডিউলটাও গুটিয়ে আনছেন তিনি। ‘হারজিৎ’ শুটিং মাঠে গড়াচ্ছে ঈদের পরে।
এদিকে মাহিয়া মাহি বলেছেন, ‘ছোটপর্দার বেশ জনপ্রিয় নায়ক সজল। নাটকের দর্শক হিসেবে আমি তার ফ্যান। এবার দুজন মিলে বড় পর্দায় কাজটি করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’
এদিকে পরিচালক বদিউল আলম খোকন জানান ছবিটি প্রেম ও সংঘাতের গল্পে সাজানো। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, অরুণা বিশ্বাস প্রমুখ।
/এমএম/