পূর্ণিমার প্রত্যাবর্তন

পূর্ণিমা।সংসার-সন্তান গুছিয়ে মিডিয়ায় লম্বা বিরতি শেষে ফের কাজে ফিরেছেন পূর্ণিমা। চলচ্চিত্র না হোক, নাটক-বিজ্ঞাপনে কাজ শুরু করছেন সমান তালে। এ যেন পূর্ণিমার ঝলমলে প্রত্যাবর্তন।

ঈদকে লক্ষ্য করে এখন যাচ্ছে তার কর্মব্যস্ত প্রহর। সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ছোট পর্দায় জুটি বেঁধে চমকে দিলেন দু’দিন আগে। সেই রেশ না কাটতেই এবার নতুন খবর দিলেন বিজ্ঞাপনের।

শিগগিরই নতুন একটি পণ্যের মডেল হচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। পূর্ণিমা জানান কাল (২৯ মে) থেকে রাজধানীর আজিমপুরের একটি খেলার মাঠে নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন। এটি নির্মাণ করছেন শরাফ আহমেদ জীবন। একটি বোতলজাত গ্যাস প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন এটি।

যেখানে পূর্ণিমাকে পাওয়া যাবে একজন টিভি সাংবাদিক রূপে। তিনি বলেন, ‘কাজের অফার তো সব সময়ই পাই। তবে পছন্দ না হলে করা হয় না। প্রায় এক বছর পর নতুন কোনও বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। কারণ এর কনসেপ্ট আমার পছন্দ হয়েছে। তেমনি নাটকের বিষয়টাও তাই। পছন্দ হলো বলেই পর পর দুটি কাজ করলাম। আশা করছি এবারের ঈদটা টিভি পর্দায় মন্দ হবে না।’

হৃদয় খান ও পূর্ণিমা।উল্লেখ্য, পূর্ণিমা এবারের ঈদের জন্য হৃদয় খানের বিপরীতে ‘ফিরে যাওয়া হলো না’ এবং  মাহফুজ আহমেদের সঙ্গে ‘লাভ অ্যান্ড কোং’ নামের নাটকে কাজ করেছেন। এছাড়া ইমপ্রেস টেলিফিল্ম থেকে শাহরিয়ার নাজিম জয়ের ‘বন্ধ দরজা’ নামে একটি ছবিতেও তিনি খুব শিগগিরই অভিনয় করবেন বলে জানা গেছে। 

/এস/এমএম/