বিতর্ক ছাপিয়ে ঢাকায় জনি ডেপ!

এই ছবিতে জনি ডেপ।পাঁচ বছর পর আবারও দর্শকদের সামনে এসেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স-এর জনপ্রিয় কল্পকাহিনি ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর সিক্যুয়াল। ২০১০ সালে চলচ্চিত্রটি মুক্তির পর বেশ সাড়া জাগিয়েছিল। ১.০২ বিলিয়ন ডলার আয় করেছিল ছবিটি।
এবারের ছবির নাম ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’। ২৭ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এটি। ১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরইমধ্যে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। বাংলাদেশের দর্শকরাও ছবিটি বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন। ৩ জুন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এটি।
আগের ছবির দুই তারকা জনি ডেপ আর মিয়া ওয়াসিকোস্কা আছেন এবারও। তারা যথারীতি অভিনয় করবেন ম্যাড হ্যাটার ও অ্যালিসের ভূমিকায়। আরও রয়েছেন অ্যানা হ্যাথাওয়ে, ম্যাট লুকাস, হেলেনা বোনহাম প্রমুখ। তবে এবার পরিচালক পরিবর্তন হয়েছেন। নতুন করে পরিচালনার দায়িত্ব পেয়েছেন জেমস বোবিন। ছবিটি মুক্তির পরপরই আলোচনার শিরোনাম হয়েছেন অন্যতম তারকা জনি ডেপ। ছবির প্রচারণার কাজে তিনি যখন দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন তখনই স্ত্রী নির্যাতনের অভিযোগে সংবাদের শিরোনাম হন তিনি।
ভক্তরা অনেকেই ভেবেছিলেন, নতুন ছবির ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্য তার শত্রুরা এ ধরনের গুজব ছড়িয়েছেন। কিন্তু এই ধারণা উড়ে যায় যখনই তার স্ত্রী অস্ট্রেলিয়ান অভিনেত্রী অ্যাম্বারহার্ড দাম্পত্য জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন। আদালতে অ্যাম্বারের জমা দেওয়া ছবি দেখে ডেপের ওপর ক্ষুদ্ধ হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’সহ তার নতুন সব ছবি বর্জনের আহ্বান জানান। তবে বিষয়টা সমর্থন করেননি অনেকেই।
তাদের মতে, সমস্যাটা ডেপের ব্যক্তিগত। এতে ছবির কোনও অপরাধ নেই। ছবিতে ডেপ একা অভিনয় করেননি, আরও অনেকে আছেন। তাদের কথাও ভাবতে হবে। তারা সবাই এ ছবির জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছেন। তাছাড়া দর্শকরাও ছবিটি গ্রহণ করেছেন। এরইমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ভালো ব্যবসা করেছে ছবিটি। এদিকে, ডেপের কারণে তার ছবি ক্ষতিগ্রস্ত হচ্ছেনা বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ছবির পরিচালক।
ডেইলি মিরর-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’ তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। জনি ডেপ এর অন্যতম তারকা। এতে তার অবদান রয়েছে। ভক্ত অনুরাগীরা তাকে আঘাত করবেন না। তার কাজকে ছোট করার কোনও সুযোগ নেই।
/এমএম/