‘এটা বিয়ের ঘোষণার জন্য নয়’

মিম। ছবি- সাজ্জাদ হোসেন‘মনে করুন, এটা আমার বাসা। আমি আপনাদের সঙ্গে আড্ডা দিতে চাই। কারণ আপনারাসহ ভক্তদের ভালোবাসাতেই আমি আজকের মিম।’ কথাগুলো বলছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

উপস্থিত সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে খানিক মজা করেও নিলেন মিম। বলেন, ‘অনেকে মনে করেছেন, আজকের সাংবাদিক আড্ডায় আমি আমার বিয়ের ঘোষণা দেব। কিন্তু বিষয়টি তা নয়। আমি সাংবাদিক বন্ধুদের জন্য এ আয়োজনটি করেছি একটু সময় কাটানোর জন্য।’

রবিবার রাজধানী গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলেন মিম। তবে নির্দিষ্ট করে কোনও কারণ প্রথমে কাউকে জানাননি তিনি। তাই সকাল থেকেই বেশ কানাঘুষা চলছিল।

তবে সন্ধ্যায় এসে সে গুজবে জল ঢেলে দেন এ অভিনেত্রী।

সেখানেই খোলাসা করে বলেন কেন এ সাংবাদিক সম্মেলন ও ইফতার আয়োজন।

মিম বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি যেমন আজকের মিম হতে পেরেছে। তেমনি আমার অভিনয় জীবনের সেরা অর্জন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। মূলত এ কারণেই আজকের আয়োজন। আমার পুরস্কারের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমি আজ এখানে উপস্থিত হয়েছি।’

রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব সংবাদমাধ্যমের সাংবাদিকরা। এছাড়াও তার শুভাকাঙ্ক্ষীরা ছিলেন।

মিম ‘জোনাকির আলো' সিনেমায় অভিনয়ের জন্য ২০১৪ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।

 

/এমএম/এম/