জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব রেকর্ড

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যার সূত্র ধরে দেশীয় চলচ্চিত্রে সুবাতাস বইছে, প্রশংসা কুড়াচ্ছে বিদেশেও। প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিত্য নতুন রেকর্ড এবং চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে চলচ্চিত্র অঙ্গনে।
এবার আরও একটি নতুন চমক দেখালো জাজ। অতি অল্প সময়ে এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেলো প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল। এটাও জাজের বড় একটা সাফল্য বিবেচনা করে উচ্ছ্বাস প্রকাশ করছে জাজ পরিবার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশের  চলচ্চিত্র প্রতিষ্ঠানের কোনও ইউটিউব চ্যানেল এই প্রথম সাবস্ক্রিপশন ১ লাখ ছাড়িয়ে গেলো। এই অর্জন শুধু জাজের নয়, এটা সকল দর্শক এবং গোটা চলচ্চিত্রেরও সাফল্য।’
শুরুতে এককভাবে হলেও জাজ এখন কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি করছে নিয়মিত। প্রতিষ্ঠানটির বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় তারকারা। প্রথমবারের মতো এই ঈদে দুটি তারকবহুল ছবি মুক্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো- শাকিব খান ও শ্রাবন্ত্রীর ‘শিকারী’ এবং জিৎ ও নুসরাত ফারিয়ার ‘বাদশা’।
উল্লেখ্য, ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে জাজ মাল্টিমিডিয়া। এরপর থেকে নিত্য নতুন চলচ্চিত্র এবং নায়ক-নায়িকা উপহার দিচ্ছে, গড়ছে নতুন নতুন রেকর্ড।
/এস/এমএম/