শহিদ কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ওই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আশা করছেন কিনা? জবাবে সাংবাদিকদের বলেন, ‘‘আগেরবার ‘হায়দার’-এর জন্য আপনারা একই কথা বলেছিলেন, আর তাতে আমার প্রত্যাশাও বেড়েছিল। তবে এবার আমি সেরকম কিছু মনে করছি না। আপনারা এমনটা ভেবেছেন, এতেই আমি খুশি।’
এসময় শহিদ আরও বলেন, ‘এমন অভিনয়ের জন্য আলিয়ার জাতীয় পুরস্কার জেতা উচিত।’
ছবিতে শহিদ কাপুর একজন মাদকাসক্ত রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। অপরদিকে আলিয়া বিহার ছেড়ে পাঞ্জাবে আসা এক হকি খেলোয়াড়।
শুক্রবার অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্চাব’ ছবিটি মুক্তি পাওয়ার পরপরই ফিল্ম ক্রিটিকরা ছবিতে অন্যান্য শিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেছেন।
ছবি মুক্তির পর এক টুইট বার্তায় মহেশ ভাট বলেন, নিজের মেয়েকে নিয়ে চারদিকে প্রশংসার যে ফুলঝুরি দেখছেন তাতে তিনি উদ্বেলিত। শাহরুখ খানের সঙ্গে আলিয়ার একটি ছবি পোস্ট করে মহেশ ভাট জানিয়েছেন, আলিয়ার অভিনয়ে কিং খানের মুগ্ধতার কথা। অন্যদিকে, শহিদ কাপুরের সঙ্গে মেয়ে আলিয়ার আরও একটি ছবি পোস্ট করে তাদের এই সময়ে বলিউডে সবচেয়ে সাহসী অভিনেতা-অভিনেত্রী বলেও উল্লেখ করেন মহেশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/এমএম/