৫০ কোটির ঘরে ‘উড়তা পাঞ্জাব’

উড়তা পাঞ্জাব ছবির কোলাজবিতর্কে ঘেরা ‘উড়তা পাঞ্জাব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ছবিটির বক্স অফিস আয় ছাড়িয়েছে ৫০ কোটি রুপি।
বলিউড ছবির বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটার বার্তায় জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে শুক্রবার ছবিটির আয় ছিল ১.১৪ কোটি রুপি, শনিবার ২.১০ কোটি এবং বক্স অফিস থেকে মোট আয় ৫২ কোটি রুপি।
মাত্র কয়েকদিন আগেও বেশ কয়েকটি দৃশ্য, এমনকি ছবিটির নাম নিয়েও কেন্দ্রীয় সেন্সর বোর্ডের সঙ্গে তিক্ততা এবং আইনি লড়াই করতে হয়েছিল ছবিটিকে। সেই সঙ্গে মুক্তির আগেই ছবিটি ইন্টারনেটে ছেড়ে দেয় কোনও একটি মহল। হাইকোর্টের নির্দেশে মাত্র একটি দৃশ্য কর্তন করেই গত ১৭ জুন মুক্তি পায় ছবিটি।
এতো ঝক্কি সহ্য করেও বক্স অফিস মাতাচ্ছে শহিদ কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’। মুক্তির প্রথম দিনেই ১০ কোটি রুপিরও অধিক আয় করে ছবিটি। আর এবার দ্বিতীয় সপ্তাহেই তা পার করল ৫০ কোটির সীমা।
পাঞ্জাব রাজ্যে মাদকের ভয়াবহতার দিকটি ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। এতে শহিদ, আলিয়া ছাড়াও অভিনয় করেছেন পাঞ্জাবের সুপারস্টার দিলজিৎ দোসানজ, কারিনা কাপুর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে।

সূত্র: জি নিউজ।

/এসএ/এম/