ঈদ আয়োজন

জোভান-সাবিলা: যেখানে শুধুই মিল...

সাবিলা নূর ও ফারহান আহমেদ জোভানের শুরুটা কাছাকাছি সময়ে। তবে গত বছর ‘শত ডানার প্রজাপতি’ নাটকের মাধ্যমে প্রশংসায় বেশি সিক্ত হন এ জুটি। আর চলতি বছর নতুনদের মধ্যে অন্যতম আলোচিত এ তারকাদ্বয়। এবারের ঈদে দুটি নাটকে একসঙ্গে হাজিরা দেবেন টিভি পর্দায়। তবে মজার বিষয় হলো, এবার তারা দুজনই ১১টি নাটকে অভিনয় করছেন, পছন্দের তালিকায় একই ছবি ও ধারাবাহিক, এমনকি প্রিয় অভিনেতাও একই! না, এখানেই দম নেওয়ার ফুসরত কই! কারণ এমন আরও মজার মিল আছে এ দুই শিল্পীর। তাদের মিলের সম্মিলনে সাজানো হয়েছে এ আয়োজন-

জোভান-সাবিলা। ছবি: নাসিরুল ইসলাম

অভিনয়ের শুরু:

সাবিলা আগে নাচ শিখেছেন, তারপর অভিনয়ে আসা তার। মূলত নাচ ও অন্যের অভিব্যক্তি দেখেই অভিনয়ে নিজকে পোক্ত করেছেন এ শিল্পী। জোভান সরাসরি অভিনয়ে আসেন। তবে তারও অবলম্বন অন্যের অভিনয় ও জ্যৈষ্ঠ শিল্পীদের অভিব্যক্তি।জোভান বললেন, ‘আমি  যতটুকু সময় পাই, বড়দের কাছে শিখি। বড়দের সঙ্গে কথা বলি। তাদের কথা শুনতে থাকি। এতে অনেক কিছু শেখা যায়!’ টিভি নাটকে অভিনয়ের বাইরে এ দুই তারকা ৪০টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। সাবিলা। ছবি: নাসিরুল ইসলাম


পরিচয়:
‘বাখরখানি’ নাটকেই সাবিলাকে চিনেছেন বলে দাবি জোভানের। তবে অভিযোগও আছে তার। ‘সাবিলার কাছ থেকে সহযোগিতা পাইনি। তাই ওকে ঠিক সহজভাবে নিতে পারতাম না।’

পাল্টা জবাব সাবিলার, ‘আসলে তাকে কেন জানি আমি পছন্দ করতাম না। ফেসবুকে আমাদের একটি গ্রুপ ছিল। যেখানে আমরা যারা নতুন অভিনয় করতাম, তারা আলাপে অংশ নিতাম। সেখানেই জোভানের সঙ্গে প্রথম কথা হয়। এরপর ফোনে আলাপ। তবে এটা ঠিক প্রথম দিকে আমরা কেন জানি দুজন দুজনকেই অপছন্দ করতাম! শুরুতে আমাদের ঝগড়াও হয়েছিল। আবার এখন আমরা বেশ ভালো বন্ধু!’

সময় কাটান:

দুজনের মাথায় রাজ্যের ‘ফেসবুক পোকা’। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে সময় কাটাতে পছন্দ করেন।সেলফি তুলতেও পছন্দ তাদের। সেলফি নিয়ে সাবিলা কথা, ‘আমরা ফেসবুক প্রজন্ম- এটা মানি। আর ফেসবুকে বড় অংশের দর্শক থাকেন। যারা আমাকে ফলো করেন। আমার কাজের প্রচারণাটা যেমন এখানে সহজে হয়, তেমনি দর্শক কিংবা ভক্তদের মতামত সরাসরি দেখতে পারি। তাই ভক্তদের সঙ্গেই বেশি সময় কাটে।’

 

অভিনয়ে পছন্দের মানুষ :
দুইজনই একবাক্যে বললেন অভিনেতা মোশাররফ করিমের নাম। তবে পছন্দের কারণ ভিন্ন।
সাবিলা- মানুষ হিসেবে তিনি অসাধরণ। তার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। তার অভিনয় ক্ষমতার সঙ্গে মানবিকতার প্যাকেজ যদি পেতাম, অসাধারণ হতো।
জোভান- তার মস্তিষ্ক আমি পেতে চাই। এত বৈচিত্র্য আর জ্ঞান আছে সেখানে, প্রতিনিয়ত আশ্চর্য হই।

জোভান। ছবি: নাসিরুল ইসলাম

পড়াশোনা:

দুইজনই আলাদা দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের পড়ার বিষয়- বিবিএ। তবে মজার তথ্য হলো, তারা দুজনই চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রী।

বিড়ম্বনা:
‘‘শত ডানার প্রজাপতি’ নাটকের মাধ্যমে যেমন আমরা বেশ আলোচিত হয়েছিলাম, তেমনি আমাদের ব্যক্তিগত পরিসরে বিব্রতও হতে হয়েছে। নাটকটির পর অনেকে আমাদের প্রেমিক-প্রেমিকা ভাবত। নানা ধরনের কথা শুনতে হয়েছে। তাই এরপর আমরা একসঙ্গে কাজ করা বন্ধ করে দিই। এর বেশ কিছুদিন পর দেখলাম, এতে আমাদেরই ক্ষতি। তাই আবার একসঙ্গে কাজ শুরু করা’ জানালেন জোভান ও সাবিলা।  

জোভান-সাবিলা। ছবি: নাসিরুল ইসলাম

ব্যক্তিগত সম্পর্ক:
এক্ষেত্রে দুজনই ‘না’ বলে দিলেন। সঙ্গে রহস্যের হাসিও ছিল। এটাও জানালেন, আপাতত সিঙ্গেল লেবাসটা তাদের গায়ে লাগানো! এটা নাকি বেশি উপভোগ্য!

 

/এম/