গত এক যুগ ধরে প্রচারিত জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে বিভিন্ন সময়ে দেশের নাট্যাঙ্গনের তারকা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেছেন, কেউবা হয়েছেন গানের মডেল।
‘পাঁচফোড়ন’ এর পুরনো ফাইল থেকে তেমনই উল্লেখযোগ্য গান ও নাচ দিয়ে সাজানো হয়েছে এবারের বিশেষ আয়োজন। আর এই পুরো পর্বটি নতুন করে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন তারকা অভিনেত্রী তারিন। শুধু কী তাই! সঙ্গে তিনি নিজের একটি গানও গেয়ে শুনিয়েছেন অনুষ্ঠানে।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্র জানায়, এবারের পর্বে দেখা যাবে মডেল ফয়সাল ও চিত্রনায়িকা কেয়া অংশগ্রহণ করেছেন একটি বিশেষ গানে। কামরুজ্জামান কাজলের কথায় এবং আলাল ওয়ারীদের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন পলাশ। একটি নৃত্য পরিবেশন করেছেন নন্দিত নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। অভিনয়শিল্পী অপূর্ব ও ঈশিতা অংশগ্রহণ করেছেন আরেকটি বিশেষ গানে।
আরেকটি গান গেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার গাওয়া ভূপেন হাজারিকার ‘প্রতিধ্বনি শুনি’ গানটি শুনে চঞ্চলের কণ্ঠেও যেন ভূপেন হাজারিকার কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। রয়েছে কবি গুরুর একটি গানের সঙ্গে ব্যতিক্রমী কম্পোজিশনে অপি করিমের পরিবেশনায় নৃত্য। লোক সংগীতের সুরে ভালোবাসার কথায় একটি গানের চিত্রায়নে অংশ নিয়েছেন অভিনেতা ইমন এবং মডেল পিয়া বিপাশা। গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ ও শাকিলা।
সবশেষে জুলফিকার রাসেলের কথায় এবং ইবরার টিপু’র সুরে তারিনের কণ্ঠে শোনা যাবে, ‘এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব’ শিরোনামের জনপ্রিয় গানটি।
এটিএন বাংলা কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বছরের বিশেষ বিশেষ দিনে ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। তারই ধারাবাহিকতায় এটিএন বাংলার ২০ বছরে পর্দাপণ উপলক্ষে নির্মিত হয়েছে এই বিশেষ ‘পাঁচফোড়ন’। যা প্রচার হবে ১৫ জুলাই (শুক্রবার) রাত ৮টা ৫০ মিনিটে।
/এমএম/