চলছে নির্বাচন, জমজমাট শিল্পকলা একাডেমি

চলছে নির্বাচন।সকাল থেকেই শিল্পকলা একাডেমির ভবনে জায়গায় জায়গায় জটলা। শিল্পকলা প্রাঙ্গণ, জাতীয় নাট্যশালার সামনের রাস্তায় নির্মাতাদের সরব উপস্থিতিতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এর প্রথম নির্বাচন। ইতোমধ্যে প্রথম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। দুপুর ১টা-২টা পর্যন্ত মধ্যাহ্ণ বিরতি। আর দ্বিতীয় পর্বের ভোট চলবে ২টা থেকে ৫টা পর্যন্ত।
এদিকে সরেজমিনে দেখা গেল, ভোট প্রদানের পরপরই ভোটাররা শুভেচ্ছা জানাচ্ছেন প্রার্থীদের। প্রার্থীরাও রজনীগন্ধা ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ভোটারদের। আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই নির্বাচনে তারুণ নির্মাতাদের অংশগ্রহণই বেশি।
নির্বাচন কেন্দ্রে সকাল থেকে তারকাদের মধ্যে দেখা গেছে অভিনেত্রী আফসানা মিমি, বন্যা মির্জা, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম, সাঈদ বাবুসহ অনেককে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সপ্তম তলার চার নম্বর কক্ষে শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।
চলছে নির্বাচন, জমজমাট শিল্পকলা একাডেমি।ইতিমধ্যে ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ডিরেক্টরস গিল্ডের মোট ভোটার সংখ্যা ৩৮৪ জন। নির্বাচনে আটটি পদে লড়ছেন মোট ৫৩ জন নির্মাতা। নির্বাচনে এখনও পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।
এবার নাটক নির্মাতাদের সভাপতি পদে লড়ছেন তিন নাট্যজন কায়েস চৌধুরী, গাজী রাকায়েত ও জাহিদ হাসান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য লড়াই করছেন দুই নির্মাতা এস এ হক অলীক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন আকরাম খান, অরণ্য আনোয়ার, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল ও সকাল আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন হৃদি হক, হিমেল আশরাফ, রাজু আলীম, মাসুদ মহিউদ্দীন, রহমতুল্লাহ তুহিন, হাসান জাহাঙ্গীর ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান।
অর্থ সম্পাদক পদে দাঁড়িয়েছেন আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামুল ও আল হাজেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইমরাউল রাফাত, দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান ও এস. এম কামরুজ্জামান সাগর। প্রচার সম্পাদক পদে লড়ছেন জুয়েল মাহমুদ, পিকলু চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ ও ফয়েজ আহমেদ রেজা।
কার্যনির্বাহী পরিষদ পদপ্রার্থী ২৭ জন। তারা হলেন-  আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, ফজলুল হক, কৌশিক শংকর দাশ, ইমেল হক, মাহমুদ দিদার, মাবরুর রশীদ বান্নাহ, সাজ্জাদ সুমন, সাইফ চন্দন, সেতু আরিফ, ফিরোজ খান, ডি এ তায়েব, রাইসুল তমাল, শামীমা শাম্মী, স্বপন সিদ্দিকী, সুকুমার চন্দ্র দাস, তাওহিদুল ইসলাম ফেরারী অমিত, কবীর বাবু, শাহ মো: রাকিব, মারুফ মিঠু, সগীর মোস্তফা, মো: সহিদ উন-নবী, যুবরাজ খান, সাজ্জাদ সনি, মিলন ভট্টাচার্য্য, আবু রায়হান জুয়েল ও সাইফুল আলম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এই সময় তার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
/এমআই/এমএম/