ডিরেক্টরস গিল্ড-এর মোট ভোটার সংখ্যা ৩৮৪ জন। নির্বাচনে আটটি পদে লড়ছেন মোট ৫৩ জন প্রার্থী। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাট্যজন ড. ইনামুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে ভোট গণনা। সূত্র বলছে, মোট ৩৫০ জন ভোটার ভোট দিতে কেন্দ্রে এসেছেন। এদিকে ফল প্রকাশের আগেই এই নির্বাচন নিয়ে বাংলা ট্রিবিউনের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী-নির্মাতা শমী কায়সার নিজের ভোট প্রদাণ শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মনে হলো বাড়ির কোনও উৎসবে এলাম। সবাই (প্রার্থী) ফোন দিচ্ছিল। খুবই ভালো লাগছে এসে। এবারের নির্বাচনে নতুন যাদের দেখলাম তারা খুব প্রতিভাবান। তাদের কাছে সামাজিক সচেতনতা আশা করি।’
নাট্যজন আবুল হায়াত বলেন, ‘এই নির্বাচনে আমার একটা ভূমিকা ছিল। যখন কেউ কোনও সমস্যা নিয়ে আমার কাছে আসতো তখন আমি একটা কথাই বলতাম- আগে নির্বাচন করো। তা না হলে সমস্যার সমাধান হবে না। আজ নির্বাচন হলো। আমি খুব খুশি’
অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী জাহিদ হাসান বলেন, ‘আমি আশাবাদী। আমাদের এই মেলবন্ধন বেঁচে থাক।’
সাধারণ সম্পাক প্রার্থী এস এ হক অলীক বলেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা নাটকের মানুষগুলো আবার একটা ছাতার নিচে এসেছি। এটাই বড় সুখ। এই বন্ধন আমরা অটুট রাখতে চাই। এখানে ফলাফল মুখ্য নয়।’
একই পদের অন্য প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘দেখুন আমি নির্বাচনের মানুষ নই। নেতা হওয়ার স্বপ্নও ছিলো না। শুধু এটুকু বুঝি, এখনই সময় তারুণ্যের পতাকা হাতে সবাইকে নিয়ে কিছু একটা করার। কারণ, আমাদের পিঠ দেওয়ালে ঠেঁকে গেছে। এই নির্বাচনের ফলাফল যাই হোক, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
আরও পড়ুন:
চলছে নির্বাচন, জমজমাট শিল্পকলা একাডেমি
কেন্দ্রে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
/এম/এমএম/