অথচ দেশীয় টিভি নাটকে এক ঘণ্টার নাটকের প্রভাবই ছিলো বেশি। সে ভাবনা থেকে এবার নতুন উদ্যোগ নিলেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদ। জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে প্রতি মাসে চারটি এক ঘণ্টার নাটক প্রচারের উদ্যোগ নিয়েছেন তিনি। নাটকগুলো প্রচার হবে আরটিভিতে।
২৯ জুলাই থেকে প্রতি শুক্রবার রাত ১১টায় বিরতিহীনভাবে এই নাটকগুলো প্রচার হবে। এতে মাহফুজ আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্পৃক্ত হয়েছে ক্রাউন সিমেন্ট, স্কয়ার ও অ্যালপেন এলিভ।
মাহফুজ আহমেদ বলেন, ‘আমাদের এক ঘণ্টার নাটকের একটা ঐতিহ্য ছিল। সেটি এখন প্রায় শেষের পথে। আমি নিজেও এই এক ঘণ্টার নাটক থেকে এতদূর উঠে এসেছি। বিটিভির যুগ থেকে আমরা দেখে আসছি দর্শক এক ঘণ্টার নাটকে একটি পুরো গল্প দেখতে পেতেন। এ নাটক দেখে দর্শক হাসতো, কাঁদতো। কিন্তু এখন আর আগের মতো ভালো নাটক নির্মাণ হচ্ছে না। তাই আমি চাই এক ঘণ্টার নাটক বেঁচে থাক। সে জন্যই আমাদের এমন উদ্যোগ।’
মাহফুজ জানান, আসছে ২৯ জুলাই আরটিভিতে প্রথম প্রচার হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘অভিনেতা’ নামের নাটকটি। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। এরপরের দুই সপ্তাহে দেখা যাবে যথাক্রমে আবু হায়াত মাহমুদের ‘রঙ খই’ ও আবু রায়হান জুয়েলের ‘দুই পাখি’।
/এমএম/