জয় শাহরিয়ার ও মিনার। কাছাকাছি ধারা নিয়ে লম্বা সময় ধরে দুজনেই পথ চলছেন। দু’জনার ব্যক্তিগত সম্পর্কও বেশ, বন্ধুত্বপূর্ণ। অথচ গেল এক যুগেও কেউ কারও সঙ্গে গান করেননি; বাঁধেননি একে অপরের কথা-সুরেও।
এবার সেই অপূর্ণতা পূর্ণ হলো। জয়ের সুর-সংগীতে গাইলেন মিনার। গানের কথাটি এমন- ‘জানি কিছুই হয় না আমার/ পদে পদে শতেক ভুল’। লিখেছেন মাহমুদ মানজুর। সোমবার রাতে এটি রেকর্ড হয়েছে স্টুডিও আজব রেকর্ডসে। আসছে ঈদে গানটি প্রকাশ পাবে সিএমভি’র ব্যানার থেকে।
জয় বলেন, ‘মিনার আমার খুব পছন্দের শিল্পী ও গীতিকবি। বিষয়টি একটু বিস্ময়কর হলেও এতদিন পর এটাই আমাদের প্রথম কাজ। আগে আমরা শুধু আড্ডাই দিয়েছি, গান আর করা হয়নি।’
এদিকে মিনার বলেন, ‘এই শহরে জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন। মিউজিক নিয়ে আমাদের আলোচনার শেষ নাই। ভাবতে অবাক লাগে, আমরা এত বছর একসঙ্গে কোনও গান করিনি। এবার সেটি হয়ে গেল। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
/এমএম/এম/