ভক্তদের ধন্যবাদ দিলেন সালমান


সালমান খানচিঙ্কারা হরিণ শিকারের মামলায় রাজস্থান হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পর ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। ১৯৯৮ সালে যোধপুরে কৃষ্ণসার ও চিনকারা হরিণ শিকার সংক্রান্ত দুটি মামলা থেকে সোমবার সালমানকে অব্যাহতি দেওয়া হয়।

মামলা থেকে খালাস পাওয়ার পর ফেসবুকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান সালমান। ফেসবুকে ৫০ বছর বয়সী এ অভিনেতা লিখেছেন, ‘আপনাদের প্রার্থনা আর সমর্থনের জন্য ধন্যবাদ’।
এর আগে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মাও ভাইয়ের ভক্তদের ধন্যবাদ জানান। টুইটারে অর্পিতা লিখেছেন, ‘ভাই এবং তার পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে তাদের প্রার্থনা, সমর্থন, ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ। আপনারা না থাকলে এটা কখনও হতো না’।
উল্লেখ্য ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যায় এক বছর ও চিঙ্কারা শিকার মামলায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন নিম্ন আদালত। ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর যোধপুর থেকে কিছুটা দূরে গুলি করে হত্যা করা হয় একটি কৃষ্ণসার হরিণ। আরেকটি খুন হয় তার ঠিক দুদিন পর ঘোড়া ফার্মসে। ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় এই দুটি লুপ্তপ্রায় প্রাণি শিকার করার অভিযোগ ওঠে। ওই মামলাতেই ২০০৭ সালে প্রায় এক সপ্তাহ জেলে থাকতে হয়েছিল এ খান সাহেবকে।
নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সালমান। সালমানের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টে ওই দুটি মামলার শুনানিই শেষ হয় চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে। ওই মামলা দুটিতে সালমান ছাড়া আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল।
তবে সোমবার সালমান খানকে এ দুটি মামলা থেকে খালাস দেয় আদালত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফইউ/এম/