একক অ্যালবামে ফিরলেন মিজান

মিজান।মিজান। এটুকুতে এখন তাকে চেনা মুশকিল। কারণ তার নামের সঙ্গে লেগে গেছে রক ব্যান্ড ‘ওয়ারফেইজ’। তিনি ছিলেন এই ব্যান্ডের প্রধান কণ্ঠ কিংবা প্রাণ ভোমরা। যদিও সেটি এখন নিকট অতীত। ব্যাক্তিগত কারণেই এখন তিনি নেই এই ব্যান্ডে। তাই বলে তার ধারালো কণ্ঠ তো আর থেমে থাকার নয়।

মাঝে খানিক বিরতি নিয়ে ফের শুরু করেছেন গান। প্রায় আট বছর পর ফিরছেন একক অ্যালবামে। আসছে ঈদেই মিলবে সেই কণ্ঠ-সুর। সিএমভির ব্যানারে নির্মিত এই অ্যালবামের নাম ‘অন্য গ্রহের মানুষ’। এরই মধ্যে রেকর্ড শেষ করেছেন গানের। সবগুলো গানের কথা-সুর করেছেন আহমেদ রাজীব। সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও আমজাদ হোসাইন। এতে একটি গানে মিজানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডল--এর অন্যতম প্রতিযোগী আঁচল।

একক অ্যালবামে ফেরা প্রসঙ্গে মিজান বলেন, ‘অনেকদিন পর আবারও আমার একক অ্যালবাম আসছে! আমি রোমাঞ্চিত। গানগুলো করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রিয় ছোট ভাই আহমেদ রাজীবের গানের সঙ্গে পরিচয় ও ভালো লাগাটা অনেক দিনের, তাই তার কথা-সুরে গানগুলো করে খুবই আনন্দ পেয়েছি। আমার বিশ্বাস একদম অন্য ধাঁচের এই গানগুলো সবার মন ছুঁয়ে যাবে।’

রেকর্ডিংয়ের ফাঁকে মিজান ও রাজীব।অ্যালবামটির আয়োজক-গীতিকার-সুরকার আহমেদ রাজীব বলেন, ‘মিজান ভাই নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের রক গায়ক। উনার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই সম্মানের ও দুর্দান্ত একটা অভিজ্ঞতা! সিএমভি’র পাপ্পু ভাইয়ের প্রতি আকাশসম কৃতজ্ঞতা, এমন দারুণ একটা কাজের গুরুদায়িত্ব আমাকে দেওয়ার জন্য।’

রক ব্যালাড, হার্ড রক ঘরানার গান দিয়ে সাজানো অ্যালবামটির গানের শিরোনাম এমন- অন্য গ্রহের মানুষ, বিষাদ সিন্ধু, শুভংকরের ফাঁকি, বলো কী করে (দ্বৈত) প্রভৃতি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানিয়েছে আসছে কোরবানির ঈদ উপলক্ষে সিডি’র পাশাপাশি বিশেষ এই অ্যালবামটি ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক-এর এক্সক্লুসিভ বিভাগেও। তৈরি হচ্ছে একটি গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও।

/এস/এমএম/