ঈদেই আসছে পরীর ‘রক্ত’!

রক্ত’তে পরীমনি।এটা হয়তো সিনেমার গল্পের চেয়েও খানিক বেশি, ‘রক্ত’ নিয়ে যা ঘটেছে। যার রেশ রয়ে গেছে এখনও। গেল দুই সপ্তাহে ছবিটির মুক্তি'র ঘণ্টা বাজানোকে ঘিরে যে ইতিবৃত্ত হলো, তাতে নতুন আরেকটি সিনেমার গল্প তৈরির মহড়ার মতোই।

‘রক্ত'- এই ঈদে আসছে, আবার আসছে না। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এই বিষয়টি নিয়ে একরকম পেন্ডুলামের মতোই দুলেছে। স্পষ্টতই টের পাওয়া গেছে- প্রযোজক আব্দুল আজিজ ‘রক্ত’ অথবা ‘পরীমনি’তে মনস্থির করতে দোটানায় আছেন।
তবে শেষপর্যন্ত আজ মঙ্গলবার আব্দুল আজিজ মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। জানান, ছবিটি মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো- আসছে কোরবানির ঈদেই ‘রক্ত’ মুক্তি দিচ্ছেন তিনি।
তিনি বললেন, ‘ছবির দৃশ্যধারণ নিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম। তবে দ্রুত কাজ করে তা পুষিয়ে নিতে পেরেছি। এর মধ্যে ছবির শুটিং পুরোপুরি শেষ। ফুটেজগুলো এখন আছে ভারতের চেন্নাইয়ে। সেখানে চলছে সম্পাদনার কাজ। আশা করি, সব শেষ করে সেপ্টেম্বরে এটি সেন্সরে যাবে। মুক্তি পাবে কোরবানির ঈদে।’
পরীমনি।এ তো বলা হচ্ছে উপসংহার! তবে তারও আগে ছবিটি নিয়ে বেশ প্রচারণা ছিল- এটি কোরবানির ঈদেই আসছে। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাই নিজেদের ছবির কাজ শেষ হলেও প্রতিযোগিতায় নামতে চায়নি।
আর চলতি মাসের প্রথমদিকে বেশ নাটকীয়ভাবে জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা আসে, কাজ শেষ না হওয়ায় ‘রক্ত’ ঈদে মুক্তি পাচ্ছে না। তার পরিবর্তে তাদের যৌথ প্রযোজনার নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’ থাকবে পর্দায়। যেখানে অভিনয় করেছেন কলকাতার ওম, শুভশ্রী এবং বাংলাদেশের পিয়া।
তবে এই ছবিটি আপাতত আর মুক্তি দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
এদিকে ‌মাঝে 'রক্ত' মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ছবি নিয়ে সামনে চলে আসে। এদের  মধ্যে আছে শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’। এ ছবির নায়িকাও পরীমনি। ছবিটির পরিচালক তখন জানিয়েছিলেন, মূলত জাজের ‘রক্ত’ পিছিয়ে যাওয়ার ঘোষণার কারণেই পরীমনি অভিনীত এ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।
রক্ত’তে পরীমনি।এছাড়া হিমেল আশরাফের ‌‘সুলতানা বিবিয়ানা’ মুক্তির ঘোষণাও আসে সেসময়। তবে সোমবার পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, একটি গানের শুটিং শেষ না হওয়ায় ছবিটি এবারের ঈদে আর মুক্তি পাচ্ছে না।
তবে ‘রক্ত’ মুক্তির নতুন ঘোষণা এলেও পরীমনির আরেক ছবি ‘আপন মানুষ’-এর বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনও চূড়ান্ত করতে পারেননি এর পরিচালক। ধারণা করা হচ্ছে, জাজ-রক্ত’র দাপটে এটিও সরে দাঁড়াবে শিগগিরই।    
/এম/এমএম/