এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে কাজী নজরুল ইসলামের গানের চিত্রায়ণের বিভিন্ন তথ্য তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান, আমজাদ হোসেনের পক্ষে তার ছেলে সোহেল আরমান এবং শিল্পী ফেরদৌস আরা।
‘পাইয়া ফিরে চালাও তরণী’ গানের চিত্রায়ণ করেছেন কাজী হায়াৎ। এই গানের চিত্রে অভিনয় করেছেন মেহমুদ ও মীম। গানের চিত্রায়ণ প্রসঙ্গে প্রখ্যাত এই নির্মাতা বলেন, ‘গানটির চিত্রায়ণ করা হয়েছে নজরুলের ভাবনা থেকে। যেন নজরুল সামনে বসে আছেন। গতানুগতিক ধারায় নির্মিত এই গানের ভিডিওচিত্রটি নজরুলপ্রেমীদের কাছে বিশেষ উপভোগ্য হবে। সিনেমা ফরমেটে গানের চিত্রায়ণ হওয়ায় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ভালোভাবে দেখা যাবে।’
এদিকে ‘রাক্ষুসী’ চলচ্চিত্রের টানা ১২ বছর পর আবারও নজরুলের কোনও কিছু নির্মাণ করলেন মতিন রহমান। অনেকগুলো গান থেকে তিনি বেছে নেন নজরুলের প্রেম পর্যায়ের গান ‘প্রিয়া মোছ এ আঁখি জল’। তিনি জানালেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে চিত্রায়ণ করা খুব একটা সহজ ছিল না। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে গানটির ভিডিও নির্মাণ করেছি। প্রয়োজনের খাতিরে সাদা-কালো ও রঙিন চিত্র ব্যবহার করা হয়েছে।’ এই গানে মডেল হয়েছেন সালমান ডেভিড ও নওশীন নদী।
সোহানুর রহমান সোহান নির্মাণ করেছেন ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। এই গানের মডেল হয়েছেন মারিয়া মিষ্টি ও বাপ্পি। অন্যদিকে ‘এ ঘর ভোলানো সুর...’ গানের চিত্রায়ণ করেছেন আমজাদ হোসেন। এতে মডেল হয়েছেন জায়ান ও সিনি স্নিগ্ধা।
অনন্যা রুমার পরিচালনায় ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ শিরোনামের বিশেষ এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ২৭ আগস্ট নজরুল মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালায় রাত ৭টা ৫০ মিনিটে।
/এমএম/