লাকীর জন্যেও গাইবেন নেহা কাক্কার

নেহা কাক্কার।ঢাকায় গাইবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। একই মঞ্চে গাইবেন বাংলাদেশের শিল্পীরাও। তবে নামগুলো এখনও ঠিক হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর 'ইমেকার্স বাংলাদেশ' আয়োজিত এই কনসার্ট ঢাকার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর নাম দেওয়া হয়েছে 'নেহা কাক্কার লাইভ ইন ঢাকা'।

এই শো’তে নেহা তার ভক্তদের পাশাপাশি গাইবেন বাংলাদেশের কিংবদন্তি লাকী আখান্দের সুস্থতা কামনা করেও।  আর এই শো থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ আয়োজকরা প্রদান করবেন লাকীর চিকিৎসা খাতে।
কনসার্টের এসব তথ্য জানাতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীর সাকিব ডাইং রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ বলেন, 'নেহা কাক্কারের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু শিল্পী অংশ নেবেন কনসার্টে। সব মিলিয়ে জমজমাট একটি অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা।'
তিনি আরও বলেন, 'আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি বাণিজ্যিক। তবে শো থেকে উপার্জিত অর্থের একটা অংশ গুণী শিল্পী লাকী আখান্দের চিকিৎসার জন্য দেওয়া হবে।'
সংবাদ সম্মেলনে আয়োজকরা। ছবি: মুক্তা।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মীর মোতাহার হোসেন (সিইও, এটিএন ইভেন্টস), ইফতেখার ইসলাম অনি (এটিএন ইভেন্টস), আফরিদ হাসান (মিডিয়া বিভাগের প্রধান, ইমেকার্স বাংলাদেশ) প্রমুখ।
আয়োজকরা জানান, এই কনসার্ট উপভোগ করতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০, ২০০০ ও ৩,৫০০ টাকা। কনসার্টটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম।
উল্লেখ্য, ২০১৪ সালে অরিজিৎ সিং লাইভ, ২০১৫ সালে ‘নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট' এবং 'কনসার্ট ফর নেপাল'- সফলভাবে আয়োজন করেছে ইমেকার্স বাংলাদেশ।
/এম/এমএম/