বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম গতকাল ২০ ডিসেম্বর (মঙ্গলবার) জানায়, ওইদিন গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে কারিনাকে হাসপাতালে নিয়ে যান সাইফ। এরপর সকালে নবজাতক পৃথিবীর মুখ দেখে। নতুন শিশু পৃথিবীর আলো দেখার পরপরই সাইফ-কারিনা এক বিবৃতিতে এ খুশির সংবাদটি জানান। সন্তানের নাম রাখা হয় তৈমুর আলী খান পতৌদি।
ইন্ডিয়া টিভি নিউজের খবরে বলা হয়েছে, ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তার মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। মঙ্গলবার তৈমুরের জন্মের সময়ও করিনার ডেলিভারি করান তিনি। কাকতালীয় এই বিষয়টি নিয়ে আলোচনায় এখন সরগরম বলিউড পাড়া।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বচ্চন ও কাপুর পরিবারের পারিবারিক চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। তার হাতে জন্ম নিয়েছেন আরও দুই বলিউড তারকা রণবীর কাপুর ও কারিশমা কাপুর।
এদিকে নতুন এ অতিথিকে ঘিরে শুধু পতৌদি পরিবারেই নয়, বলিউডজুড়ে শুরু হয়েছে আনন্দের হইহই। সামাজিক মাধ্যমে তাকে বরণের নানা বার্তা ভেসে বেড়াচ্ছে। তৈমুর কারিনার প্রথম সন্তান হলেও সাইফের তৃতীয় সন্তান হিসেবে পৃথিবীর আলো দেখলো।
সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম ইব্রাহিম ও সারাহ।
/বিএ/এমএম/