শাহরুখকে দেখতে এসে একজনের মৃত্যু

স্টেশনে উচ্ছ্বসিত জনতার সামনে শাহরুখ‘রইস’ ছবির প্রচার প্রচারণার জন্য ট্রেনে করে সোমবার সন্ধ্যায় মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী সানি লিওনি, পরিচালক রাহুল ঢোলাকিয়া এবং প্রযোজক রিতেশ সিধওয়ানি। মাঝপথে ভাপি, ভালসাদা, ভাদোদারা, সুরাট, সাওয়াই মাধোপুর ও মাথুরাতে মুক্তির অপেক্ষায় থাকার ছবিটির প্রচারণা চালান তারা। কিন্তু তার মধ্যেই ঘটে গেল একটি বিয়োগান্তক ঘটনা।
যখন ছবির প্রচারণা চালাচ্ছিলেন তখন সেখানে প্রচণ্ড ভিড় জমে যাচ্ছিল। ভাদোদারা স্টেশনে পুলিশ ভিড়ের ওপর লাঠিচার্জ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর সেসময় উত্তেজনার মধ্যে ভাদোদারার এক স্থানীয় বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আবার কেউ কেউ বলছে, ওই ব্যক্তি পদপিষ্ট হয়ে মারা গেছেন।  
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দিল্লির নিজামউদ্দিন স্টেশনে পৌঁছানোর পর পরই ভাদোদারা স্টেশনের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, ‘কারও মৃত্যু হওয়াটা খুবই দুঃখজনক। আমাদের দলটি শুরু থেকে সেখানে ছিল, এটা খুবই মর্মান্তিক যে ধরনের ঘটনা এখনও ঘটছে।’
এরইমধ্যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেলওয়ে পুলিশের কোনও অবহেলা পাওয়া গেলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই শাহরুখকে বহনকারী ট্রেনটি দিল্লিতে পৌঁছায়। ট্রেনে বেশ কয়েকটি ছবির শুটিং করলেও সাধারণত ট্রেনে ভ্রমণ করেন না শাহরুখ। আর তাই সোমবার বাড়ি থেকে বের হওয়ার সময় শাহরুখ বলেছিলেন তিনি একইসঙ্গে ‘ভীত ও উত্তেজিত’ বোধ করছেন।

/এফইউ/এম/