পালে দো ফেস্টিভাল ভবনের প্রেস রুমের ব্যালকনিতে বসে লিখছিলাম। শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টা ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। সন্ধ্যা হলে কী হবে, তখনও রোদ হাসছে। আচমকা প্রেস রুমে দায়িত্বরত ভদ্রমহিলা এসে বললেন, ‘জনাব উঠতে হবে!’
ভবনের বাইরে বেরিয়ে দেখি জনসমুদ্র! পালে ছাড়াও সবার দৃষ্টি সাল দুবুসি প্রেক্ষাগৃহের দিকে। সেখানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অস্কারজয়ী মিশেল আজানাভিসুস পরিচালিত ‘রিডাউটেবল’ ছবির প্রদর্শনী শুরুর কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তা স্থগিত করে সবাইকে সরিয়ে দেওয়া হয়। এ সময় ভবনটিতে আয়োজকদের ছাড়া কাউকেই রাখা হয়নি।
হঠাৎ কি এমন হলো যে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জ্যঁ-লুক গদারের বৈবাহিক জীবন নিয়ে নির্মিত ছবিটির প্রদর্শনী শুরুর ঠিক আগ মুহূর্তে কানের নিরাপত্তায় নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তা স্থগিত করে রাখার নির্দেশ দিলেন? আয়োজকদের প্রতিনিধিরা নিচে যারা ছিলেন, কেউই সদুত্তর দিতে পারলেন না তখন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেও পরিষ্কার কিছু জানা যাচ্ছিলো না।
এমনিতে এ বছর কানে অন্য যে কোনওবারের চেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কারণ কাছেই নিস শহরে ট্রাক হামলা এবং প্যারিসে একাধিক হামলার মতো ঘটনা ঘটেছে নিকট অতীতে। তাছাড়া এ উৎসবে জঙ্গিদের হামলা চালানোর হুমকি তো আছেই। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উৎসবে রাখা আছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। পুলিশকে দেওয়া হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
গত বছরও কান উৎসবে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে অতিথিদের। ওইবারও নিরাপত্তাজনিত কারণে পালে দো ফেস্টিভাল ভবনের বাইরে সরিয়ে দেওয়া হয় সবাইকে। তবে কয়েক মিনিটের ব্যবধানে পরিস্থিতি স্বাভাবিক হয়।