তবে ঢাকায় শাকিবের চলমান টলমল কিংবা একঘেঁয়ে ইমেজে আবারও নতুন বার্তা নিয়ে এলেন ‘কলকাতা’র শাকিব! হুম, ঠিকই পড়েছেন- ‘কলকাতা’র শাকিব খান।
গেল বছর প্রথম ধাক্কাটা দেন কলকাতার শ্রাবন্তীকে নিয়ে ‘শিকারি’ দিয়ে। চুলের স্টাইল, পাতলা শরীর আর স্টাইলিশ গেটআপের সেই শাকিব খানকে দেখে ঢালিউড দর্শক-সমালোচকরা রীতিমতো তাজ্জব বনে গেছেন! সেই ছায়ায় এরপর দেশে আরও বেশ ক’টি সিনেমা মুক্ত হয়েছে শাকিব খানের। নাহ্, কলকাতার সেই শাকিবকে আর পাওয়া যাচ্ছিলো না।
অতঃপর বৃহস্পতিবার (২৫ মে) ফের চমকে দিলেন শাকিব খান। এবারও সেই ‘কলকাতার’ শাকিব। সেখানকার নতুন ছবি ‘নবাব’ এর প্রথম ট্রেলার দিয়ে এবার দ্বিগুন চমকে দিলেন কলকাতা ‘প্রবাসী’ ঢাকার খান। এবারও একেবারে নতুন লুক। এবার তিনি টলিউডের শুভশ্রীকে নিয়ে ‘নবাব’ সাজে এসেছেন। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, স্টাইলিস গোঁফ, হালকা গড়ন, প্রেমিকার সঙ্গে রোমান্টিক আলাপ আর কণ্ঠে তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান!
সত্যিই, ঈদের ছবি ‘নবাব’ ট্রেলারে পাওয়া গেছে চোখ ধাঁধানো নতুন শাকিবকে।
এসকে মুভিজের প্রযোজনায় বাংলাদেশের হয়ে ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। আগামী রোজার ঈদেই ছবিটি বাংলাদেশে এবং জুলাইয়ে ভারতে মুক্তি পাচ্ছে।
/এস/এমএম/