দেশীয় সংগীতাঙ্গনের বরেণ্য অনেক শিল্পীর ছেলেমেয়েরা মা-বাবার পথ ধরে গানে এসেছেন। গুণী শিল্পীদের সন্তানরা প্রশংসিতও হয়েছেন শ্রোতামহলে। এই উত্তরসূরিদের মধ্যে ছয় জন একসঙ্গে গাইলেন।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ, এর কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। বিটিভির ‘পরিবর্তন’-এর জন্য তৈরি হয়েছে এটি। ইতোমধ্যে চ্যানেলটির মিলনায়তনে এ গানের চিত্রায়নে অংশ নিয়েছেন ছয় কণ্ঠশিল্পী।
অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের পর্বটি প্রচার হবে ঈদে। তাই বিশেষ আয়োজনের কথা ভেবে আমাদের দেশের ছয় গুণী শিল্পীর সন্তানদের একত্র করেছি। গানে গানে তারা বাংলাদেশের জয়গানই গেয়েছেন।’
ঈদের পরদিন (৩ সেপ্টেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘পরিবর্তন’। প্রযোজনায় শাহরিয়ার মোহাম্মদ হাসান।