বিশেষ চরিত্র ভিলেন

‘বিদ্রোহী মনসুর’ ছবির শুটিং চলাকালীন পরিচালক সেলিম বাহারের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয় স্কুল শিক্ষক খলিল উদ্দিনের। একসময় থিয়েটার ছিল তার ধ্যানজ্ঞান। এখনও সময় পেলে তিনি নাট্যচর্চা করেন।

(বাঁ থেকে) তারিক আনাম খান, কাজী নওশাবা আহমেদ ও ইমন (ছবি: সংগৃহীত)একদিন হঠাৎ খলিল উদ্দিনকে ফোন করে ‘বিদ্রোহী মনসুর’ ছবিতে গডফাদারের ভূমিকায় কাজের প্রস্তাব দেন পরিচালক। এরপর অভিনয়ের জন্য রীতিমতো অনুশীলন শুরু করেন তিনি। এফডিসিতেও যান শুটিং করতে। ভিলেনের বেশভূষা নিয়ে অপেক্ষায় থাকেন। কিন্তু তার দৃশ্য আর শুরু হয় না।

কারণ খলিল উদ্দিনের সহশিল্পী এ সময়ের জনপ্রিয় হিরো জিমি খান। সেটে কাউকে তোয়াক্কা করে না সে। ইচ্ছেমতো শুটিংয়ে আসে-যায়। এমনকি চিত্রনাট্যের দৃশ্যও বাদ দিয়ে দেয়। পরিচালকও তার কাছে অসহায়।

জিমির আচরণে অবাক হয়ে যান খলিল উদ্দিন। তিনি একটি চিরকুট দিয়ে চলে যান। এরপর স্কুল শিক্ষককে হন্যে হয়ে খুঁজতে থাকে জিমি। কারণ সেটি তাকে নিয়ে যায় অতীতে। কিন্তু খলিলকে কোথাও পাওয়া যায় না।

‘বিশেষ চরিত্র ভিলেন’ নাটকের গল্প এমন। এতে খলিল উদ্দিন চরিত্রে তারিক আনাম খান এবং জিমি খানের ভূমিকায় আছেন ইমন। চরিত্রের প্রয়োজনে চলচ্চিত্রের গতানুগতিক নায়কদের মতো সাজগোজ নিতে হয়েছে ইমনকে। হাতে আঁকিয়েছেন উল্কিও।

পরিচালক সেলিম বাহার হিসেবে সুমন পাটোয়ারী এবং চিত্রনায়িকা রূপে দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে। এছাড়া আছেন খল অভিনেতা ডন, শেলী আহসান ও জয়নাল জ্যাক।

নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম। গল্পও তারই। ‘বিশেষ চরিত্র ভিলেন’-এর মূল বক্তব্য প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমাদের দেশের অনেক শিল্পী শিল্পের মধ্যে থাকতে, খেতে, ঘুমাতে এবং এই পরিচয় দিতে ভালোবাসেন। কিন্ত শিল্পের প্রতি তাদের মধ্যে মমত্ববোধ দেখা যায় কম। সেই ভাবনা থেকেই নাটকটি সাজানো।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) নাটকটির শুটিংয়ের প্রথম দিনেই খবর আসে নায়করাজ রাজ্জাক আর নেই। তাই তার প্রতি সম্মান দেখিয়ে ইউনিট ওইদিনের মতো কাজ স্থগিত করে। 

এ নাটকের চিত্রনাট্য সাজিয়েছেন সেরনিয়াবাত শাওন। দেশ টিভিতে ঈদের ষষ্ঠ দিন (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘বিশেষ চরিত্র ভিলেন’।
মনজুরুল আলমের প্রথম টিভি সিনেমা ‘চোর কিংবা প্রেমিকের গল্প’ গত রোজার ঈদে প্রচারিত হয় আমেরিকার চ্যানেল ফোরে। এটি তৈরি হয় প্রেমেন্দ্র মিত্রের ‘সংসার সীমান্তে’ গল্পের ছায়া অবলম্বনে।