‘মুখোমুখি’ মিথিলা

মিথিলা (ছবি: সংগৃহীত)অভিনয় তো করেনই, এবার ঈদের নাটকের জন্য গাইলেন মিথিলা। এর শিরোনাম ‘মুখোমুখি’। গানটি তৈরি হয়েছে ‘পাঞ্চক্লিপ’-এর জন্য। তিনি একা নন, এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা।

গানটি লিখেছেন তন্ময় চৌধুরী, এর রেকর্ডিং হয়েছে স্টুডিও ৫৮’তে। সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন। মিথিলার গায়কীর প্রশংসা করলেন তিনি। তার আশা, এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

‘পাঞ্চক্লিপ’ লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তিনি বললেন, ‘সম্পর্কেরও যে নানান সৌরভ থাকে যা স্থান-কাল ভেদে নানান সুবাস ছড়ায়, সেই গল্পটা বলতে চেয়েছি আমার মতো করে। এখানে একটি গান দরকার ছিল। মিথিলা দারুণ গেয়েছেন। শাওন গানওয়ালার কণ্ঠ তো পরীক্ষিতই।’

‘মুখোমুখি’ গানের রেকর্ডিংয়ে মিথিলা (ছবি: সংগৃহীত)শুধু গান গাওয়া নয়, নাটকটিতে অভিনয়ও করেছেন মিথিলা। এছাড়াও আছেন ইরেশ যাকের ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঈদের পরদিন (৩ সেপ্টেম্বর) রাত ১০টায় আরটিভিতে লাক্স ভালোবাসার সৌরভের গল্পে প্রচার হবে নাটকটি। একই সময়ে ইউটিউবে ইটিউন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলেও দেখা যাবে ‘পাঞ্চক্লিপ’।