ঈদের দিন ‘দাস কেবিন’

‘মাঝে সিদ্ধান্ত নিয়েছিলাম টিভির দর্শকের জন্য গভীর বিষয়বস্তু নিয়ে আর কোন কাজ করবো না । কিন্তু সেটা শেষ পর্যন্ত পেরে উঠলাম না । ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে!’— ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের পরিচালিত নতুন নাটক ‘দাস কেবিন’ প্রসঙ্গে তার এই কথা।

দৃশ্য: ‘দাস কেবিন’ (ছবি: সংগৃহীত)মানুষের অস্থিমজ্জায় সাম্রাজ্যবাদ ঢুকে যাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। আবার কেউ কেউ আছে এখনও সাম্যবাদের স্বপ্ন বুকে লালন করে, এখনও বিশ্বাস করে বিপ্লব আসবে। সমাজের ভেতরকার শ্রেণি বিভাজন এবং মানুষের সঙ্গে মানুষের শ্রেণিগত পার্থক্যের পটভূমিতে এর কাহিনি ও চিত্রনাট্য সাজিয়েছেন উজ্জ্বল। সংগীতও তারই।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শার্লিন ফারজানা। জিটিভিতে ঈদের দিন (২ সেপ্টেম্বর) রাত ১১টায় প্রচার হবে ‘দাস কেবিন’।

এদিকে মাসুদ হাসান উজ্জ্বল তার ‘অক্ষয় কোম্পানির জুতা’ নাটকের সিক্যুয়েল ‘যন্ত্রজাল’ও বানিয়েছেন এবার। বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে এটি। অভিনয়ে জাকিয়া বারী মম ও এফএস নাঈম।