ফজলুর রহমান বাবুর ইলিশের গল্প

চকচকে রূপালি মাছ ইলিশ নিম্নবিত্তদের নাগালের বাইরেই থাকে। আকাশছোঁয়া দামের কারণে মধ্যবিত্তরাও এই মাছ পাতে তোলার সাহস পান কম! তাই জাতীয় মাছ ইলিশ অনেকের কাছে আরাধ্য। এমনকি যেসব জেলে এই মাছ শিকার করেন, তাদের পরিবারকেও বঞ্চিত থাকতে হয় মূল্যবৃদ্ধির কারণে।

‘গল্পের ইলিশ’ নাটকে ফজলুর রহমান বাবু (ছবি: সংগৃহীত)এমনই এক জেলে মধু পদ্মা নদীতে মাছ ধরার কাজ করে। নিজের জরাজীর্ণ ছেড়া জাল দিয়ে নদীতে মাছ ধরে সে। একটা বড় ইলিশ মাছ খাওয়ার শখ তার ১০ বছরের মেয়েটার। কিন্তু জালে ধরা পড়ে সব ছোট ছোট ইলিশ। তাছাড়া সেগুলো আগে থেকেই মহাজনের কাছে বিক্রির কথা হয়ে থাকে। তার কাছে শত অনুরোধ করেও মেয়ের জন্য একটা মাছ নিয়ে আসতে পারে না মধু।

তাই বাড়ি ফিরে মেয়েকে মিথ্যা বলা ছাড়া মধুর উপায় নেই। একদিন মেয়েটি জেদ ধরে বসে ইলিশ ছাড়া খাবে না, তাও আবার বড় ইলিশ। বাবা যতদিন ইলিশ না আনবে ততদিন খাওয়া বন্ধ। ঠিক ঠিক মধুর জালে ধরা পড়ে মস্ত বড় এক ইলিশ। মহাজনের চোখের আড়ালে সরিয়ে ফেলে সে।

মধু শেষ পর্যন্ত ইলিশ মেয়েকে খাওয়াতে পারে কিনা তা দেখা যাবে একটি টেলিছবিতে। নাম ‘গল্পের ইলিশ’। এতে মধু চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, পার্থ বড়ুয়া, তারিন, শর্মীমালা, তানিয়া হোসাইন প্রমুখ।

‘গল্পের ইলিশ’ লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনায় নিয়াজ মাহবুব। এনটিভিতে ঈদের চতুর্থ দিন (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিছবিটি।