রবিবার (১৭ সেপ্টেম্বর) জার্মান সাপ্তাহিক ওয়ার্ল্ড অন সানডের সঙ্গে এ বিষয়ে কথা বলেন জোলি। অস্কারজয়ী এই তারকার ভাষ্য, ‘মিয়ানমার সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বন্ধ করতেই হবে। এ নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। একইসঙ্গে শরণার্থীদের জন্য রাখাইন রাজ্যে ফিরে আসার পথ তৈরি করে দিতে হবে। এটি রোহিঙ্গাদের নাগরিক অধিকার।’
মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হচ্ছে রোহিঙ্গারা। দেশটির সেনাবাহিনীর তাণ্ডবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪ লাখ রোহিঙ্গা। কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরতার ঘটনায় নিরব থাকায় সমালোচিত হচ্ছেন অং সান সু চি। তবে জোলি বলেছেন, ‘আমরা চাই, চলমান পরিস্থিতিতে মানবাধিকারের কণ্ঠস্বর হয়ে উঠবেন অং সান সু চি। এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো উচিত তার।’