মা-বাবার পথ ধরে সারাও বলিউডে পা রাখছেন। ওপরে দেখা যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘কেদারনাথ’-এর পয়লা স্থিরচিত্র। ফার্স্ট লুক বলা হয় যাকে। রবিবার (৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এটি প্রকাশ করেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
রৌদ্রজ্জ্বল দিনে সারাকে দারুণ দেখাচ্ছে স্থিরচিত্রটিতে। এর কয়েক ঘণ্টা আগে আরেকটি স্থিরচিত্র প্রকাশ হয় অন্তর্জালে। এতেও দেখা যাচ্ছে, ঘোড়ার ওপর বসে মাথার ওপর ছাতা ধরে রেখেছেন তিনি। টুইটারে তাকে নিয়ে মাতামাতি দেখে বোঝা যাচ্ছে, প্রথম দর্শনেই হৃদয় জিতেছেন ২৪ বছর বয়সী এই তরুণী। অনেকে বলাবলি করছেন, দেখতে অনেকটা মা অভিনেত্রী অমৃতা সিংয়ের মতো হয়েছেন তিনি।
ছবিটিতে পর্যটকের ভূমিকায় দেখা যাবে সারাকে। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এ প্রজন্মের অভিনেতা সুশান্ত সিং রাজপুত থাকছেন ট্যুর গাইড হিসেবে। প্রবীণ ও অসুস্থদের কেদারনাথ মন্দির ঘুরে দেখান তিনি। উত্তরাখন্ডের পর্বতময় শহরে এক মাস শুটিং শেষে মুম্বাইয়ে ফিরেছেন তারা।